ভোগান্তির প্রতিশব্দ ঢাকা মেট্রো রেল।
অজস্র নারী শিশু লাইন ধরে দাঁড়িয়ে,
লাইন ছাড়া ভি আইপি দেয় হাত বাড়িয়ে-
সাড়ে তিন হাজার হয় মিটারেতে সেই লাইন,
জনসাধারণ সব মানিতেছে দেশ আইন।
দাঁড়িয়ে সেথা আছে অশীতিপর বৃদ্ধ,
তবুও ভিআইপিরা নিপাতনে সিদ্ধ।
হাত বা মোবাইলটি বাড়িয়ে দিলেই কানে,
কর্তব্য ফিরে পায় দাঁড়ানো পুলিশজনে।
অথচ কাঁদছে শিশু, দাবদাহে পুড়ছে,
সুবিধার লোভে মরে অতি মুমূর্ষে।
লম্বা লাইনে থাকা আশায় বাঁধিয়া ঘর,
নিজেই নিজেরে বলে,"আমিই স্বার্থপর!"
এতখনে অবশ্য চলে যেতে পারতাম।
তবুও শখের ট্রেন, মেট্রো তাহার নাম।
মিনিট দশেক করে বহুদূর যাওয়া যায়,
এই ভেবে সারাদিন দাঁড়িয়ে রয়েছি ঠাঁয়।
এত নামী ট্রেনে চড়ে, আজকে ফিরিব ঘর,
ভেবেই আন্দোলনে হৃদয়টা তৎপর।
কি জানি কি ভেবে হলো ঈষৎ আন্দোলন,
প্লিজ যাইতে দ্যান, চিৎকারে জনগন।
হঠাৎ পড়িল গেটে চাইনিজ তালা,
জনমনে বিক্ষোভ কি করলি শালা।
অনেকের তাড়া আছে যেতে হবে দ্রুত,
অনেকেই এখবরে খুবই আহত।
স্বপ্নের এই রেলে চড়া আজকে হলো বাদ,
জনগনের ভোগান্তি উৎপাদনের খাত।
ভিআইপিদের দেশে থেকে সরল জনগন,
গাধার সামনে মেট্রো রেলেরা মুলোর মতন।
সামনে আছে, ঝুলছে দেখো ওই তো যাচ্ছে দেখা-
সারা জীবন দেখেও ওদের একই ভাগ্যরেখা!
উন্নয়ন আর উন্নয়নের এত শত নাম,
জনগনের ভোগান্তিতে নিরব তুলকালাম।
অনেক হলো, ভালো থেকো, "প্রিয় মেট্রোরেল। "
উন্নয়নের নাম করিয়া চলুক দেশে খেল!