হাসপাতালে
~~~~~~~~~~~
মুহাম্মদ আল আমিন
🌿❤🌿
হাসপাতালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে,
অনেক খুঁজে-পেতে লিফট ধরে অবশেষে
তিনশ বাইশ নম্বর রুমের দরজায় এসে দাঁড়িয়েছি !
চারিদিকে কোলাহল, নার্স, ডাক্তার, রোগী,
নানারকম গন্ধে বাতাসও কাতর হয়ে আছে !
ভেতরে চোখ রাখতেই দেখি তাজা এক চন্দ্রমল্লিকা
শুয়ে আছে বেডে, পাশের টেবিলে জলের গ্লাশ,
আলগোছে ঢাকা দেয়া সকালের ব্রেকফার্স্ট,
হাত যে লাগে নি তাতে, অনায়াসে বোঝা যায় !
চন্দ্রমল্লিকা কেনো শুয়ে থাকবে হাসপাতালের বেডে !
এমনটি ভাবতে ভাবতে রুমের ভেতর পা দিতেই
ক্লান্ত এক জোড়া চোখ যেন সহস্র বছরের
ঘুম ভেঙে জেগে উঠলো নিবিড় কোন মন্ত্রস্পর্শে !
চোখে চোখ পড়তেই ক্লিষ্ট মুখে হাজারো সূর্য্যের আলো !
আহ,,,,,! তুমি এসেছো ? বলেই গভীর এক দীর্ঘশ্বাস
ফেলে আবারো চোখ বন্ধ করে চন্দ্রমল্লিকা !
আমি অবাক বিস্ময়ে দেখলাম, হাওয়া থেকে
ঔষধের গন্ধ নিমেষে উধাও হয়ে গেছে কোন যাদুতে,
হাসপাতালের বিবর্ণ দেয়াল যেন কোন অপরূপ বিভায়
ঝলমল করে উঠলো সেই একটি মুহূর্তের মধ্যে !
আমি পাশে নেতিয়ে থাকা ডান হাতটি হাতে নিয়ে
চুপচাপ বসে রইলাম এই বিজন ঘরে মন্ত্রমুগ্ধের মতো ।
চোখে চোখ যে কত আলো জ্বালতে পারে
আমার কখনও জানা ছিল না এর আগে !
হাতে রাখা হাত অমোঘ শুশ্রূষা দিয়ে চলে মনেরও অজান্তে,
চন্দ্রমল্লিকা, পৃথিবীর অগণিত অরণ্য, সমূদ্র, নদী,
আকাশের অগণিত নক্ষত্র, মহাবিশ্বের অগণিত সৌরমণ্ডল,
তোমার মু্খের এই স্মিত, তৃপ্ত হাসি দেখবে বলে
অকুণ্ঠ অপেক্ষায় জেগে আছে, চলো, ঘরে ফিরে যাই !
ভাল হয়েছে
উত্তরমুছুন