অলিম্পাসে একজন মহান অতিথির আগমন ঘটেছে। সেই আগমণের অনুষ্ঠানে এসেছেন ইউরেনাসের পুত্র ক্রোনাস তার স্ত্রী রিয়া আর তার কণিষ্ঠ পুত্র ও পুত্রবধু যথাক্রমে রাজাধিরাজ জিউস ও জন্ম ও বিয়ের দেবী মহারাণী হেরা।
ক্রোনাসের হাতে কাস্তে ও ঘড়ি। সে রাগে গজগজ করছে। একজন মরণশীল এই স্বর্গরাজ্যে এসে এত সম্মান পাচ্ছে এটা তার সহ্য হচ্ছে না। তার ইচ্ছে করছে প্রমিথিউসের কলজেটা ঈগলের মুখ থেকে এনে নিজে খেয়ে ফেলতে! কিন্তু কিছুই করার নেই। দেবতারা অসহায়!
প্রমিথিউস হাসছে। সুর্যদেব অ্যাপোলো আর প্রেমদেবী আফ্রোদিতি স্বামী স্ত্রী। দুজনের মুখেই হাসি। প্রমিথিউস একজন টাইটান, টাইটানেরা জিউসের শত্রু। আয়োনিসের পুত্র অ্যাটলাসের মুখেও হাসি ফুটেছে এই সংবর্ধনায়। সে দাঁড়িয়ে আছে আ্যাটলাস পর্বত কাঁধে নিয়ে।
আরিফ তার নাম। সে আমার ভাই। যুদ্ধদেবতা অ্যারিসের নামের সাথে তার মিল। সে এসেছে মৃত্যুকে জয় করে। আরিফ অমরদের অন্তর্ভূক্ত হয়েছে। সে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছে অনেক আগেই। আমার সাথে তার দেখা হয়েছিল শুধু একটি বার।
অ্যাপোলোর বোন বনদেবী আর্টেমিস, জ্ঞানদেবী মেটিস,ট্রয়ের রাজা প্রায়াম, তার স্ত্রী হেকিউরা, লাস্যময়ী চিরযৌবনা সুরের দেবী হারমোনিয়াস, পাহাড়পরীদের রাণী সেনেলা,বনপরী ইলেক্ট্রা, ফিনিশার রাজকন্যা ইউরোপা,আফ্রোদিতির ছেলে ইরোস, চালাকির দেবতা হার্মিস, হার্মিসের ছেলে আধামানুষ আধা ছাগল প্যান, অগ্নিদেব হেফেস্টাস আর সব স্বর্গলোকের সব অমরেরা আজ আমার অমর ছোট ভাইটিকে সম্ভাষণ জানাচ্ছে।
আরিফ, সে ছোট্ট একটি ভাষন দিচ্ছে, "গ্রীসের ইথাকা থেকে স্বর্গলোক অলিম্পাস পর্যন্ত এমনকি স্বর্গীয় উদ্যান আর্কেডিয়াতে অবস্থান করা সকল পরীদের কাছে আমি একটি বিশেষ ঘোষনা দিতে চাই। তার সাথে জানাতে চাই, জিউসের ক্ষমতা সীমিত করা হলো, প্রিয় প্রমিথিউসকে মুক্ত করা হলো। ন্যায়ের দেবী থেমিস সহ সকল দেবমুর্তির অপসারণ করতে হবে। "
জিউস হতবাক হয়ে তাকিয়ে আছে এই মরণশীলের দিকে। মর্ত্যের সেরা দানব টাইফুনকে সে পরাস্ত করেছে। প্রমিথিউসের ভবিষৎবাণী সত্য হচ্ছে। এক মরণশীলের কাছেই তার পতন। এই ক্ষমতাশালী ছেলেটিকে কিছু করার ক্ষমতাই জিউসের নেই।
[আমার পিঠাপিঠি ছোট ভাই আরিফ। সে জগতে নেই। কিন্তু আমি তার প্রয়োজন বোধকরি। তাই বিভিন্ন লেখায় তাকে টেনে আনি। গ্রিক মিথলজির সাথে তাকে জুড়ে দিলাম। আমার ভাইটিকে আমি কোন দেবতার দাস করে তুলতে চাইনি। এই ধৃষ্টতা ক্ষমা করবেন। ধর্মবিশ্বাস থেকে আমরা শুধু একজনের প্রার্থনা করি। তিনি জিউস, ক্রোনাস বা ইউরেনাস সব বাস্তব ও কাল্পনিক অস্তিত্ব বা অনস্তিত্বের স্রষ্টা। তিনি যেকোন দিকথেকেই সর্বশ্রেষ্ঠ। ]
