সংঘাতে থাকো নিউক্লিয়াস জুড়ে,
ভালবাসাকেই দুর্বলতা ভাবো,
আমাকেই ডাকো রক্তপাতের সুরে।
বেদনায় আমার তুমি প্রশান্ত হও,
সুখী হলে আমি, তোমার মনে জ্বালা;
আমার হাসিতে কান্নায় ভেঙে পড়ো,
চোখের জলে হাসিছে অগ্নিশালা।
তোমার জন্য আমি তবে কী চাই?
চিরসুখী হও ভুলো বেদনার বাণ।
আমার দুঃখে তুমি যদি পাও সুখ,
দুঃখই আমার আজন্ম সম্মান।
তুমি সুখী হও এ হরিৎ মদের দেশে,
ভালবেসে আমি চলিলাম বহুদূর।
সকল দেশ আর পরিচিত সব ছেড়ে,
পেরিয়ে চলেছি সপ্ত সমুদ্দুর।
শুধুই দেখেছি, তুমি ও তোমার সুখ,
জেনে রাখা ভালো, আমার বেজেছে বীন;
আকাশে হয়েছে ফরমান জারি জানো?
আমার এ গ্রহে ফুরিয়ে এসেছে দিন।
