বাবা


"আর সবার মতই ছোট বেলায় আমার হিরো ছিল বাবা।
কেউ যখন জিজ্ঞেস করতো বড় হয়ে কার মত হবে?
ছোট্ট আমি, বুক ফুলিয়ে বলতাম  বাবার মত।

তারপর অনেকদিন কেটে যায়। সিনবাদ, হাতিম এবং শক্তিমান সহ  অনেকে  জড়ো হয় আমার চারপাশে। রঙিন সব হিরো। বাবার থেকেও রঙিন তারা।

আমার বাবা তাদের সাথে পেরে উঠেন না।
স্বপ্নের জগতে মলিন হতে থাকা বাবা একসময় বিদায় নেয় আমার রঙিন জগৎ থেকে।

 একদিন লক্ষ্য করলাম বাবার জগৎটি এখন আর রঙিন নেই!
এটি এখন সাদাকালো !

 কারণ, সে জগতের সবকটা রং দিয়ে আমি আমার জগৎ কে সাজিয়ে ফেলেছি।

শক্তিহীন সাদাকালো জগতের সে বাবা এখন আমার পিছনে হাঁটেন।
রাস্তা পার হতে যেয়ে ভয়ে আমার হাত ধরে উঠেন।

আমরা দূর থেকে পরস্পর কে দেখি।

হাত বাড়ালেই যার বুকে লুকিয়ে পড়তাম, সে বাবা এখন মহাদেশ সমান দূরে।

এখন মাঝেমধ্যে আমার খুব ভয় হয়। ছোট মেয়েটার মাথায় হাত রেখে ভাবি, আমিও কি একদিন সন্তানের রঙিন জগৎ থেকে হারিয়ে যাব?

সন্তানের জগৎ থেকে কোন বাবার হারিয়ে যাওয়াই বা কতটা কষ্টের...?
নবীনতর পূর্বতন